গাইবান্ধা সদর উপজেলায় খাবারের লোভ দেখিয়ে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ভেড়ামারা ব্রিজ এলাকার ‘জাফলং চাইনিজ’ রেস্টুরেন্টে এই জঘন্য ঘটনাটি ঘটে। অভিযুক্ত আমির উদ্দিন ওই রেস্টুরেন্টের ভাড়াটে মালিক।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আমির উদ্দিন ওই শিশুকে ফাস্টফুড ও চাইনিজ খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে রেস্টুরেন্টের একটি নির্জন গোপন কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। শিশুটি সেখান থেকে পালিয়ে এসে কান্নাকাটি ও চিৎকার করলে স্থানীয়রা বিষয়টি টের পান এবং আমির উদ্দিনকে হাতেনাতে ধরে গণধোলাই দেন। খবর পেয়ে বিক্ষুব্ধ জনতা রেস্টুরেন্টটি ঘিরে ফেলে ব্যাপক ভাঙচুর চালায়। স্থানীয়দের অভিযোগ, এই রেস্টুরেন্টটির আড়ালে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ, মাদক ব্যবসা এবং জুয়ার আসর বসত।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং জনতার রোষানল থেকে অভিযুক্ত আমির উদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশি হস্তক্ষেপে তাকে সরিয়ে নেওয়ায় বিক্ষুব্ধ জনতা রেস্টুরেন্টটিতে পুনরায় তাণ্ডব চালায়। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্তকে কৌশলে আটক করে থানায় আনা হয়েছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নৃশংস এই ঘটনার পর থেকে এলাকাজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। অপরাধীদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকরা।
মন্তব্য করুন