স্প্যানিশ ফুটবলে নিজের বিনিয়োগের পরিধি আরও বাড়াতে চলেছেন লিওনেল মেসি। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা অর্জনের জন্য একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। ইএসপিএন-এর একটি বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে ক্লাবটি কলম্বিয়ান ইনভেস্টমেন্ট গ্রুপ ‘গ্রুপো টিএইচ’-এর মালিকানাধীন রয়েছে। তবে এই চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টি স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন এবং আইনি যাচাই-বাছাই প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।
সব কিছু ঠিকঠাক থাকলে এলদেনসে হবে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে চলতি বছরের শুরুর দিকে বার্সেলোনা শহরের পঞ্চম বিভাগীয় দল কর্নেলার মালিকানা কিনেছিলেন তিনি। তবে কর্নেলা আধা-পেশাদার ক্লাব হলেও, এলদেনসের ক্ষেত্রে প্রথম পেশাদার ক্লাব হিসেবে বিনিয়োগ করছেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। উল্লেখ্য, বন্ধু ও ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজকে সঙ্গে নিয়ে উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমের আংশিক শেয়ারও রয়েছে মেসির দখলে। ১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে ক্লাবটি দীর্ঘ সময় পর ২০২৩ সালে স্পেনের দ্বিতীয় বিভাগে উন্নীত হয়েছিল এবং বর্তমানে তারা তৃতীয় বিভাগে খেলছে।
মন্তব্য করুন