দেশে ডেঙ্গুর পাশাপাশি বর্তমানে উদ্বেগজনকভাবে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিন জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর ফলে চলতি বছরে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯০২ জনের মৃত্যু হয়েছে, যার ফলে হাম ও এর উপসর্গজনিত কারণে মোট মৃতের সংখ্যা ১ হাজার ২ জনে পৌঁছাল। বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে দুজন এবং ঢাকায় একজন মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১১৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৯৬ জন এবং চট্টগ্রামে ২২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জনে, যার মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
মন্তব্য করুন