ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ স্থাপিত হলে তেজগাঁও টোল প্লাজাসহ পুরো সড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে টেবিলে উত্থাপিত এক প্রশ্নোত্তরে তিনি এই তথ্য জানান। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান অবস্থা এবং যানজট নিরসনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
মন্ত্রী জানান, বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপের আংশিক (কাওলা থেকে এফডিসি ক্রসিং) উন্মুক্ত রয়েছে। এর মধ্যে বিমানবন্দর ও তেজগাঁও টোল প্লাজায় যানবাহনের চাপ সবচেয়ে বেশি, কারণ বর্তমানে শুধু তেজগাঁও টোল প্লাজা ব্যবহার করেই উত্তর দিকে যাওয়া সম্ভব। তবে সোনারগাঁও গোলচত্বর থেকে নতুন র্যাম্প নির্মাণকাজ চলছে এবং ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য সম্ভাব্যতা সমীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংযোগ ও র্যাম্পগুলোর কাজ শেষ হলে তেজগাঁওয়ের ওপর চাপ অনেক কমে যাবে। এছাড়া টোল আদায়ের ধীরগতি ও যানজট কমাতে ইতোমধ্যে এক্সপ্রেসওয়েতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) বা স্বয়ংক্রিয় টোল ব্যবস্থা চালু করা হয়েছে, যার আওতায় বর্তমানে ৭টি লেনে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।
মন্তব্য করুন