ভোলা থেকে মূল ভূখণ্ডে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আনতে অন্তত সাত বছর সময় লাগার বাস্তবতায় দীর্ঘসূত্রিতায় না গিয়ে দ্বীপ জেলা ভোলাতেই সরাসরি শিল্প-কারখানা, সার কারখানা এবং নতুন বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সুলতানা আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, মূল ভূখণ্ডে গ্যাস নেওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করার চেয়ে ভোলাতেই গ্যাসভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা অধিকতর ফলপ্রসূ হবে। এর অংশ হিসেবে সেখানে একটি বড় সার কারখানা এবং ৫০০ মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারের আলোকে প্রণীত পাঁচ বছর মেয়াদি বিশেষ কৌশলগত উন্নয়ন কাঠামোতে ভোলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই পরিকল্পনার আওতায় ভোলায় আরও একটি ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং ভেদুরিয়া ও ইলিশা গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস এলএনজিতে রূপান্তর করে লাইটারেজ অপারেশনের মাধ্যমে খুলনার বিদ্যুৎ হাবে সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভোলা ও এর আশপাশের দ্বীপগুলোকে ব্লু ইকোনমির সেন্ট্রাল জোনের প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে ঘোষণা করে উপকূলীয় মৎস্যসম্পদ সংরক্ষণ, কৃষি বিকাশ এবং নৌ-নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে এক নতুন বিপ্লব ঘটানোর প্রত্যাশা ব্যক্ত করেন সরকারপ্রধান।
মন্তব্য করুন