চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর নিয়মিত ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় দুই জন সৈনিক নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, বুধবার হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সেনাসদস্য প্রাণ হারান। গুরুতর আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত হেলিকপ্টারযোগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন