আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বর এই তিন মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এই সময়ে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টির শঙ্কা রয়েছে, যার মধ্যে দু-একটি নিম্নচাপে এবং একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, গত আগস্ট মাসে সারা দেশে স্বাভাবিকের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয় এবং দেশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ছিল। সামনের তিন মাসের বিভাগভিত্তিক পূর্বাভাসে দেখা গেছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনাসহ বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের কাছাকাছি বা কিছুটা কম বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই তিন মাসে দেশে ৩ থেকে ৫ দফা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে এবং ৬ থেকে ১০ দিন বজ্রঝড় হওয়ার শঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এটি একটি সামগ্রিক ত্রৈমাসিক পূর্বাভাস এবং নির্দিষ্ট সময়ের সঠিক পরিস্থিতির জন্য নিয়মিত দৈনিক ও বিশেষ বিজ্ঞপ্তির ওপর নজর রাখতে হবে।
মন্তব্য করুন