ভিসার অনুমোদিত সময়ের চেয়ে বেশি দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করলে বা নির্ধারিত শর্ত লঙ্ঘন করলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশে চিরতরে নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিশেষ ভিসা বার্তায় এই তথ্য জানানো হয়।
বার্তায় স্পষ্ট করে বলা হয়েছে, কেবল মার্কিন ভিসা থাকলেই যে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত করা যাবে, বিষয়টি এমন নয়। দেশটিতে পৌঁছানোর পর ঠিক কত দিন অবস্থান করা যাবে এবং কী কী নিয়ম মানতে হবে, তা নির্ধারণ করেন কেবল প্রবেশস্থলের দায়িত্বরত ইমিগ্রেশন কর্মকর্তারা। এছাড়া কেউ যদি ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থেকে যান কিংবা ভিসার ক্যাটাগরির বাইরে অন্য কোনো কার্যকলাপে জড়িয়ে পড়েন, তবে মার্কিন অভিবাসন আইন অনুযায়ী তাদের ওপর কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আসতে পারে। তাই প্রতিটি ভিসাধারীকে নিজেদের দায়িত্বেই মার্কিন ভিসার যাবতীয় শর্ত ও সময়সীমা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস।
মন্তব্য করুন