রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘ভয়াবহ নিদর্শন’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রাতভর ভাঙচুর ও লুটপাট চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকা উদ্বেগজনক। ‘এভাবে একটি দেশ চলতে পারে না’ বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা চালিয়ে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে। পরে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, ভ্যাকসিন ও নগদ অর্থ লুটের পর ভারী যন্ত্রপাতি দিয়ে স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রায় ৫০ বছর ধরে প্রসূতি মা ও শিশুদের চিকিৎসাসেবা এবং টিকাদান কার্যক্রম পরিচালনা করে আসছিল রাড্ডা এমসিএইচ–এফপি সেন্টার।
মন্তব্য করুন