অভিনয় থেকে সাময়িক দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি প্রকাশ করে ভক্তদের কাছাকাছি থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর থেকে কঠিন এক চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া এই অভিনেত্রী এবার পবিত্র কোরআনের একটি আয়াত শেয়ার করে নিজের ধৈর্য ও ইমানের বার্তা দিয়েছেন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর ঢাকায় প্রথম অস্ত্রোপচার হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হলে সেখানে সফলভাবে তার দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সামনে তার তৃতীয় দফার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। জীবনের এই চরম লড়াইয়ের সময়েও মনোবল হারাননি এই জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পবিত্র কোরআনের একটি আয়াত শেয়ার করেছেন তিনি, যেখানে লেখা ছিল ‘নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।’ (সূরা আল-বাকারাহ, আয়াত ১৫৩)।
তাঁর এই পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা দ্রুত সুস্থতা কামনা করে নানা মন্তব্য করছেন। কঠিন এই সময় পেরিয়ে তানিয়া বৃষ্টি খুব শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফিরবেন এমনটাই প্রত্যাশা তাঁর অগণিত ভক্তের। উল্লেখ্য, অসুস্থতার আগে রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমার কাজ তাঁর হাতে রয়েছে, যেখানে তারিক আনাম খান ও নুসরাত ফারিয়ার মতো শিল্পীরাও অভিনয় করছেন।
মন্তব্য করুন