সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে মানিকগঞ্জে নিহত ও আহত ১৬ ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের মাঝে মোট ৬৪ লাখ টাকার সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের সহায়তায় এই চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলার ১২ জন নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা এবং গুরুতর আহত ৪ জনকে ১ লাখ টাকা করে ৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। বিআরটিএর ট্রাস্টি বোর্ডের পরিচালক ও সচিব রুবাইৎ-ই-আশিক জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে ৫ লাখ, মারাত্মকভাবে আহত বা পঙ্গুত্ববরণকারীকে ৩ লাখ এবং সাধারণ আহত ব্যক্তিকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। দুর্ঘটনার শিকার ব্যক্তিদের নিয়ম অনুযায়ী তিন মাসের মধ্যে নির্দিষ্ট ফরম পূরণ করে বিআরটিএ অফিসে আবেদন করতে হয়।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে আয়োজিত এই চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুম, বিআরটিএর সহকারী পরিচালক মাহবুব কামাল এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মন্তব্য করুন