পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ককে নিয়ে গঠিত ‘মক্কা প্রতিরক্ষা জোটে’ ইরানকে যুক্ত করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে এই জোটে ইরানের অংশগ্রহণ একটি অত্যন্ত বাস্তবসম্মত পদক্ষেপ হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সোমবার (৭ সেপ্টেম্বর) মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন্সে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এই প্রস্তাব দেন।
বক্তব্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, উপসাগরীয় দেশগুলোর জন্য একটি অভিন্ন নিরাপত্তা কাঠামো গড়ে তোলার প্রস্তাব রাশিয়া দুই দশকেরও বেশি সময় আগে দিয়েছিল, যার মধ্যে আরব রাজতন্ত্রগুলোর পাশাপাশি ইরানকেও অন্তর্ভুক্ত রাখার কথা বলা হয়েছিল। পারস্পরিক সম্পর্কের জটিলতা সত্ত্বেও রাশিয়া সবসময় এসব দেশের মধ্যে আলোচনা ও আস্থা তৈরির পদক্ষেপে সহায়তা করতে চেয়েছিল বলে জানান তিনি। এ সময় তিনি চীন ও রাশিয়ার মধ্যস্থতায় কয়েক বছর আগে ইরান ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রসঙ্গটিও বিশেষভাবে তুলে ধরেন।
সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের উদ্যোগে যে মক্কা প্রতিরক্ষা চুক্তি সামনে এসেছে, সেটিকে সম্মিলিত নিরাপত্তা ও প্রতিরক্ষা জোটের একটি সম্ভাবনাময় কাঠামো হিসেবে উল্লেখ করেছেন ল্যাভরভ। তার মতে, এই প্রতিরক্ষা কাঠামোয় ভবিষ্যতে উপসাগরীয় অঞ্চলের বাইরের দেশগুলোকেও যুক্ত করা যেতে পারে, যেখানে মিশর ও আলজেরিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরান ঠিক কী শর্তে এই জোটে অংশ নিতে পারে সেই বিষয়ে একটি সুনির্দিষ্ট সমঝোতা অর্জিত হলে তা হবে বহু বছর আগে রাশিয়ার প্রস্তাবিত আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর বাস্তবায়নের পথে সবচেয়ে বড় অগ্রগতি। তবে এই ধরনের কোনো আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় রাশিয়া নিজে কোনো নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবে না বলেও তিনি স্পষ্ট করে দিয়েছেন।
মন্তব্য করুন