দ্য হান্ড্রেড টুর্নামেন্টে দলের হতাশাজনক ও তলানিতে থাকা পারফরম্যান্সের চরম খেসারত দিতে হলো নিউজিল্যান্ডের সাবেক গতি তারকা শেন বন্ডকে। দুই বছরের চুক্তির মাঝপথেই বার্মিংহাম ফিনিক্সের প্রধান কোচের পদ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।
২০২৬ মৌসুমের শুরুটা জয় দিয়ে করলেও পরবর্তীতে টানা সাতটি ম্যাচ হেরে পয়েন্ট তালিকার একদম তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করে বার্মিংহাম ফিনিক্স। আট ম্যাচে মাত্র এক জয়ে তাদের সংগ্রহ ছিল মাত্র ৪ পয়েন্ট এবং নেট রানরেট নেমে গিয়েছিল -১.৩১৮-এ। গত বছরের নভেম্বরে ড্যানিয়েল ভেট্টোরির স্থলাভিষিক্ত হয়ে প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন বন্ড, যার সঙ্গে চুক্তি ছিল ২০২৭ মৌসুম পর্যন্ত। চাকরি হারানোর পর বন্ড নিজের হতাশা ব্যক্ত করার পাশাপাশি দলের মাঠের ফল যে আশানুরূপ ছিল না, তা খোলাখুলি স্বীকারও করে নিয়েছেন।
ফিনিক্সের এই ভরাডুবির পেছনে দলের মূল খেলোয়াড়দের ইনজুরি বড় একটি কারণ হিসেবে কাজ করেছে। টুর্নামেন্টের শুরুতেই ইনজুরির কারণে ছিটকে যান দলের অধিনায়ক ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার জ্যাকব বেথেল। এছাড়া বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানও ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি। এর বাইরে রেহান আহমেদ, ডোনোভান ফেরেইরা, মিচেল ওয়েন ও সাকিব মাহমুদের মতো তারকারাও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ হন। তবে ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, কেবল মাঠের খারাপ ফলই নয়, বরং টানা হারে ড্রেসিংরুমের গরম পরিবেশ এবং খেলোয়াড় ও কোচিং স্টাফদের একটি অংশের সমর্থন হারিয়ে ফেলাই বন্ডের দ্রুত বিদায়ের নেপথ্যে বড় ভূমিকা রেখেছে।
মন্তব্য করুন