ফুটবলের বরপুত্র লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির মধ্য দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলও প্রবেশ করতে যাচ্ছে সম্পূর্ণ নতুন এক অধ্যায়ে। মঙ্গলবার বেনিনের বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০৮তম এবং ঐতিহাসিক শেষ ম্যাচ। ৩৯ বছর বয়সী এই জাদুকরী তারকা দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা এবং সর্বাধিক ম্যাচ খেলার অবিস্মরণীয় কীর্তি গড়ে বিদায় নিলেন। আর ঠিক এর পরেই ফুটবলাবিশ্বে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে একটি প্রশ্ন—মেসির চিরচেনা ও ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি এবার কার গায়ে উঠবে?
দিয়েগো ম্যারাডোনার পর ফুটবলের এই পবিত্র ও অতি মর্যাদাপূর্ণ জার্সিটির চাপ সব সময়ই যেকোনো খেলোয়াড়ের জন্য একটি বড় পরীক্ষা। অতীতে রিকেলমে, আইমার বা ওর্তেগারা এই জার্সি পরলেও মেসির মতো আকাশচুম্বী প্রভাব কেউ ফেলতে পারেননি। এই উত্তরাধিকার বহনের ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ এবং জোরালো বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে মেসির অনুপস্থিতিতে তার পজিশনে খেলে দারুণ পরিপক্বতা দেখিয়েছেন তিনি, যদিও খেলার ধরন বা প্লেমেকিংয়ের বিচারে তিনি মেসি নন।
এদিকে খেলার ধরনে মেসির সঙ্গে সবচেয়ে বেশি মিল খুঁজে পাওয়া যায় কোমোর ২২ বছর বয়সী বাঁ-পায়ের অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাজের। খোদ মেসিও পাজের ফুটবল বুদ্ধিমত্তা ও মাঠের ভিশনের ভূয়সী প্রশংসা করেছেন। এছাড়া ১৯ বছর বয়সী তরুণ উইঙ্গার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোও তার ড্রিবলিং, দূরপাল্লার শট এবং ডান প্রান্ত থেকে কাটইন করে গোল করার দক্ষতার কারণে প্রবলভাবে আলোচনায় আছেন। অন্যদিকে, থিয়াগো আলমাদা স্কালোনির আস্থাভাজন হলেও ইউরোপীয় ফুটবলে ধারাবাহিকতার অভাবে তাকে আপাতত এই ভারী জার্সির দৌড়ে কিছুটা পিছিয়ে রাখা হচ্ছে। তবে ফুটবল বিশ্লেষকদের মতে, একজন মাত্র ব্যক্তির ওপর পুরো দায়িত্ব না চাপিয়ে কোচ লিওনেল স্কালোনিকে এনজো, ম্যাক অ্যালিস্টার ও লাওতারো মার্তিনেজদের নিয়ে দলগত শক্তির ওপর নির্ভর করেই মেসির পরবর্তী যুগ সাজাতে হবে।
মন্তব্য করুন