বাংলাদেশ সফরে গিয়ে নিজের পছন্দের খাবারের তালিকায় গরুর মাংসের নাম উল্লেখ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। সম্প্রতি বাংলাদেশ সফরকালে একটি সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের কোন খাবার তার সবচেয়ে বেশি পছন্দ? জবাবে তিনি ইলিশ মাছের পাশাপাশি গরুর মাংসের কথা উল্লেখ করেন এবং দুপুরের মতো রাতেও গরুর মাংস দিয়ে খাবার খাওয়ার কথা জানান। এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয় নানা বিতর্ক ও সমালোচনা।
সামাজিক মাধ্যমে এই মন্তব্যের জেরে অভিনেতাকে উদ্দেশ্য করে বিভিন্ন নেটিজেন তীব্র কটূক্তি করেন। এমনকি কলকাতায় ফিরলে তাকে লক্ষ্য করে ডিম ছোড়ার মতো হুমকিও দেওয়া হয়েছে। তবে এই সমস্ত সমালোচনার মুখেও দমে যাননি এই বর্ষীয়ান অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমকে নিজের অবস্থান স্পষ্ট করে বিশ্বজিৎ চক্রবর্তী সাফ জানিয়ে দিয়েছেন যে, মানুষ কী খাবে বা তার পেট ও মন কী চায়, তা অন্য কেউ ঠিক করে দেওয়ার কেউ নয়। বাংলাদেশের মানুষের আতিথেয়তায় মুগ্ধ হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এই পুরো বিষয়টি নিয়ে তিনি বিন্দুমাত্র বিচলিত নন। এছাড়া তাকে নিয়ে ট্রোল ও হুমকির ঘটনায় তিনি ইতিমধ্যে যথাযথ আইনি পদক্ষেপ নিয়েছেন এবং বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন।
মন্তব্য করুন