ঢাকার ফার্মগেটে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নির্ধারিত কঠোর নিরাপত্তা বেষ্টনীতে মোটরসাইকেল নিয়ে প্রবেশের চেষ্টার অভিযোগে আটক যুবক মুহিবুল্লাহ মুবিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান অভিযুক্ত মুহিবুল্লাহ মুবিনকে আদালতে হাজির করে ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন নাকচ করে জামিনের প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর বিকেলে ফার্মগেটে নির্ধারিত অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী পৌঁছানোর ঠিক পরপরই এই নিরাপত্তার বেষ্টনী লঙ্ঘনের ঘটনা ঘটেছিল।
মন্তব্য করুন