রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এই ঘটনায় যদি বিএনপির কোনো নেতাকর্মীও জড়িত থাকে, তবে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে সরকারের অগ্রগতি কার্যক্রম ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে দেশের জ্বালানি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক শক্তির সহযোগিতা চুক্তি সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই এগিয়ে নেওয়া হবে এবং বাংলাদেশ কোনো দেশের অযৌক্তিক চাপ বা শর্তের মুখে নতি স্বীকার করবে না। এছাড়া দেশের বাজারে এলপি গ্যাসের কোনো কৃত্রিম বা প্রকৃত সংকট নেই উল্লেখ করে তিনি জানান, আমদানিকারকদের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে পর্যাপ্ত এলপিজি মজুত রয়েছে এবং কেউ মজুতদারি বা সিন্ডিকেট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন