প্রযুক্তির দুনিয়ায় নতুন বিপ্লব ঘটাতে বিশ্বের প্রথম সবার উপযোগী পার্সোনাল এআই এজেন্ট ‘মিউজ’ (Muse) উন্মোচন করেছে মেটা। সাধারণ চ্যাটবটের মতো কেবল প্রশ্নের উত্তর দিয়েই ক্ষান্ত হয় না মিউজ, বরং এটি মানুষের হয়ে বাস্তবে বিভিন্ন কাজ সম্পন্ন করতে সক্ষম। দীর্ঘমেয়াদি লক্ষ্যগুলোকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনায় রূপ দেওয়া এবং দৈনন্দিন কাজের চাপ কমানোর লক্ষ্যেই মূলত এই এআই এজেন্টটি তৈরি করা হয়েছে।
মিউজ অ্যাপ বা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুব সহজেই অন্য কারো সঙ্গে চ্যাট করার মতো স্বাভাবিক ভঙ্গিতে এটি ব্যবহার করা যাবে। মেটার সবচেয়ে শক্তিশালী মডেল ‘মিউজ স্পার্ক’-এর শক্তিতে চালিত এই এজেন্টটি কোনো রকম প্রযুক্তিগত অভিজ্ঞতা ছাড়াই সাধারণ মানুষ দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারবেন। এটি ইমেল পাঠানো, ভ্রমণ বুকিং করা থেকে শুরু করে ব্রাউজার ওপেন করা, ফর্ম পূরণ এমনকি ব্যবহারকারীর পক্ষে দরকষাকষির মতো কাজও নিজে থেকেই করতে পারে। এছাড়া স্ট্রাইক এবং শপ পে-এর মতো নিরাপদ পেমেন্ট সিস্টেম যুক্ত থাকায় ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করে নিরাপদে অনলাইন কেনাকাটাও সম্পন্ন করতে পারে মিউজ।
নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তৈরি করা হয়েছে মিউজ সিকিউর ভিএম (Muse Secure VM), যা প্রতিটি ইউজারের জন্য একটি আলাদা এবং সুরক্ষিত ক্লাউড কম্পিউটার হিসেবে কাজ করে। এই সিস্টেমে একটি আলাদা সেন্টিনেল এজেন্ট যুক্ত রয়েছে, যা অনুমতি ছাড়া ইন্টারনেট বা সংবেদনশীল তথ্যে প্রবেশ করতে দেয় না। ব্যবহারকারী নিজে কোন কোন অ্যাপে মিউজকে এক্সেস দেবেন তা নিয়ন্ত্রণ করতে পারেন এবং যেকোনো সময় তা পরিবর্তন বা বন্ধও করতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে আইওএস, অ্যান্ড্রয়েড এবং অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি খুব শীঘ্রই এআই চশমাতেও এই সেবাটি চালু করতে যাচ্ছে মেটা।
মন্তব্য করুন