বলিউডের অন্যতম কালজয়ী ও মাইলফলক সৃষ্টি করা সিনেমা ‘দিল চাহাতা হে’। এই সিনেমার একটি দৃশ্য বাস্তবসম্মত ও নিখুঁত করতে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খানকে গুনে গুনে ১৭ বার চড় মেরেছিলেন সহশিল্পী অক্ষয় খান্না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির পরিচালক ফারহান আখতার এই চাঞ্চল্যকর ও মজার তথ্য সামনে এনেছেন।
ফারহান আখতার জানান, শুটিংয়ের সময় একটি নির্দিষ্ট দৃশ্যের একদম নিখুঁত এক্সপ্রেশন পাওয়ার জন্য আমিরকে সত্যিই চড় মারতে হয়েছিল অক্ষয়ের। শুটিংয়ের এই কৌশলটি এতটাই গোপন রাখা হয়েছিল যে, সামনে দাঁড়িয়ে থাকা আরেক অভিনেতা সাইফ আলি খানও বুঝতে পারেননি বিষয়টি আগে থেকে সাজানো ছিল নাকি সত্যি। পরিচালক আমিরকে আগেই জানিয়েছিলেন যে অক্ষয় সত্যি সত্যিই চড় মারবেন এবং আমির তাতে রাজিও হয়েছিলেন। তবে চিত্রনাট্য অনুযায়ী সংলাপের শেষে চড় মারার কথা থাকলেও দৃশ্যটিকে আরও জীবন্ত করতে পরিচালক অক্ষয়কে সংলাপের মাঝেই চড় মারার নির্দেশনা দেন, যাতে আমিরের তাৎক্ষণিক অবাক হওয়া অভিব্যক্তি ক্যামেরায় নিখুঁতভাবে ধরা পড়ে।
প্রথমবার আকস্মিক চড় খেয়ে আমির কিছুটা চমকে গেলেও শট নিখুঁত করতে তিনি নিজেই বারবার টেক দিতে রাজি হন। তবে অক্ষয়ের হাতের চড় বেশ জোরে লাগায় প্রথম টেকেই আমিরের গাল লাল হয়ে ফুলে ওঠে। এভাবে একে একে মোট ১৭টি টেক নিতে হয়েছিল, যার ফলে আমিরের মুখের একপাশে স্পষ্ট দাগও পড়ে গিয়েছিল বলে জানিয়েছেন ফারহান আখতার। শুধু আমির নন, একই সিনেমায় অন্য একটি দৃশ্যে অভিনেত্রী সুচিত্রা পিল্লাইয়ের কাছ থেকেও পরিচালক ও সাইফের সিদ্ধান্তে সত্যি সত্যি চড় খেতে হয়েছিল সাইফ আলি খানকে।
মন্তব্য করুন