কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার কারণে বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশে আগামী নভেম্বর মাস পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কাতার। দেশটির রাষ্ট্রীয় জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান কাতারএনার্জি ‘ফোর্স ম্যাজিউর’ বা অনিবার্য পরিস্থিতির নোটিশের মেয়াদ বৃদ্ধি করায় এই দীর্ঘমেয়াদী জ্বালানি অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এবং ইতালীয় জ্বালানি কোম্পানি এডিসনের প্রতিবেদনের সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক সংঘাত শুরুর পর থেকেই পারস্য উপসাগরীয় এই রুট দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হয়ে আসছে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় কাতারএনার্জি দফায় দফায় তাদের ফোর্স ম্যাজিউরের মেয়াদ বাড়িয়েছে, যার ফলে ইউরোপের দেশগুলোর পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের মতো দীর্ঘমেয়াদি আমদানিকারক দেশগুলোও সংকটের মুখে পড়েছে। বাজার বিশ্লেষক সংস্থা আইসিআইএসের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্টে কাতার যেখানে ৫০৯টি এলএনজি কার্গো রপ্তানি করেছিল, চলতি বছরের আগস্টের শেষ নাগাদ তা মাত্র ১৮টিতে নেমে এসেছে এবং সামগ্রিক রপ্তানি প্রায় ৯৬ শতাংশ হ্রাস পেয়েছে। আসন্ন শীত মৌসুমে বৈশ্বিক বাজারে গ্যাসের চাহিদা ও প্রতিযোগিতা বাড়ার আশঙ্কা থাকায় দেশের বিদ্যুৎ ও শিল্প খাতের জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
মন্তব্য করুন