ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে এই সংসদীয় কমিটি পুনর্গঠন ও অন্যান্য কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালি বিধির যথাযথ বিধান অনুসরণ করে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি এই প্রস্তাবগুলো সংসদে উত্থাপন করেন। নবগঠিত কৃষি কমিটিতে পদাধিকারবলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী ছাড়াও ফরিদপুর-৪ আসনের শহিদুল ইসলাম, নওগাঁ-১ এর মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট-২ এর মোহাম্মদ রফিকউদ্দিন বাবুল, মৌলভীবাজার-৪ এর মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, বগুড়া-৪ এর আবু ওয়াহাব আকান্দ ওয়াহিদ, সংরক্ষিত আসনের মোসাম্মদ সাবিরা সুলতানা, ফেনী-৩ এর মোহাম্মদ গোলাম রসুল এবং রংপুর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রায়হান সিরাজী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। কমিটির সভাপতি হিসেবে মো. শাহাদাত হোসেন কৃষি খাতের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, সরকারের সংসদীয় নজরদারি নিশ্চিতকরণ এবং নীতিগত সুপারিশ প্রদানে নেতৃত্ব দেবেন।
মন্তব্য করুন