দক্ষিণ ইরানে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন বিমান হামলার তীব্র জবাব দিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আরও জোরদার করেছে ইরান। ওয়াশিংটন তাদের সংঘটিত অপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে অনুশোচনা না করা পর্যন্ত এই সামরিক অভিযান থামবে না বলে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় হেডকোয়ার্টার্সের মুখপাত্র কর্নেল ইব্রাহিম জুলফাকারি এক কঠোর হুশিয়ারি বার্তায় এই ঘোষণা দিয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে সম্প্রচারিত এক বক্তব্যে তিনি এই অবস্থান স্পষ্ট করেন।
কর্নেল জুলফাকারি দাবি করেছেন, ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর অবকাঠামো এবং সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি এই সামরিক অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা ও শীর্ষ কমান্ডার হতাহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র যদি তাদের আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ না করে এবং নিজেদের অপরাধের জন্য অনুশোচনা প্রকাশ না করে, তবে ভবিষ্যতে তেহরানের পক্ষ থেকে আরও ভারি, ব্যাপক ও ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের যেসকল দেশ মার্কিন বাহিনীকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে সহযোগিতা করছে, তাদেরও এর মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান।
মন্তব্য করুন