এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির দাবিতে এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘটের পথ বেছে নিলে সরকারের পক্ষ থেকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের কথা উল্লেখ করে তিনি স্পষ্ট জানান, ধর্মঘট ডেকে কৃত্রিম সংকট তৈরি বা ভোক্তাপর্যায়ে পণ্যের দাম বাড়ানোর যেকোনো চেষ্টা সরকার কঠোরহস্তে দমন করবে। প্রয়োজনে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করা হবে।
বুধবার সচিবালয়ে এলপিজি অপারেটরদের সাথে এক জরুরি দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিশ্বরাজনীতি ও যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তৈরি হওয়া মারাত্মক জ্বালানি সংকটের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আমেরিকা ছাড়া বর্তমানে অন্যান্য বিশ্বস্ত সরবরাহ উৎসগুলোতে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমন অস্থির পরিস্থিতিতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও ভোগান্তির কথা বিবেচনা করে দাম সহনীয় পর্যায়ে রাখাই সরকারের প্রধান লক্ষ্য।
কথায় কথায় ধর্মঘট ডেকে নিত্যপ্রয়োজনীয় এই খাতের সুযোগ নেওয়ার প্রবণতাকে বরদাশত করা হবে না জানিয়ে মন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান নির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। ফলে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়, সেটির সুরক্ষা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব।
অবশ্য যেকোনো দাবি বা অসন্তোষ আলোচনার মাধ্যমে টেবিলে বসেই সমাধানের আহ্বান জানান জ্বালানিমন্ত্রী। নির্ধারিত দামের চেয়ে বাজারে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদারকি করছে মন্ত্রণালয় এবং বাজার শৃঙ্খলা ফিরিয়ে আনতে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে।
মন্তব্য করুন