বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার প্রায় সাত মাসের মাথায় সচিবালয়ে অনুষ্ঠিত প্রথম সচিব সভায় সরকারি দপ্তরে কর্মচারীদের উপস্থিতি ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা চালুর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি চৌধুরীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। প্রায় দুই বছর পর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক সমন্বয় সভায় বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত, উন্নয়ন কার্যক্রম এবং বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক নানা সংকটের বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবারের সচিব সভার অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট। ইরান যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার শঙ্কা এবং এর ফলে দেশের অর্থনীতি ও বিদ্যুৎ খাতে সম্ভাব্য চাপ এড়াতে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশের বিদ্যুৎ খাতের ওপর চাপ কমাতে আমদানিনির্ভর জ্বালানির পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে। এছাড়া সরকারি ভবন ও স্থাপনাগুলোতে সৌর প্যানেল স্থাপন এবং বেসরকারি খাতকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করার বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় সরকারি শূন্য পদ দ্রুত পূরণ, প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনা এবং অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম যেমন ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচি যেন সম্পূর্ণ স্বচ্ছতা ও সঠিক নিয়মে বাস্তবায়িত হয়, সে বিষয়েও সচিবদের কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও সুশাসন বজায় রাখতে সরকারি প্রতিটি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে অবিলম্বে ডিজিটাল হাজিরা পদ্ধতি চালুর তাগিদ দেওয়া হয়েছে এই সভায়।
মন্তব্য করুন