শোবিজ অঙ্গনে দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে কাজের পরিবেশ, সহশিল্পীদের আচরণ এবং নিজের ব্যক্তিত্ব ও মানসিক শক্তির প্রয়োজনীয়তা নিয়ে খোলামেলা কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা এবং নিজের কন্যাসন্তানকে লালন-পালনের ক্ষেত্রে শেখানো সাহসের বার্তার কথা শেয়ার করেন এই তারকা।
কাজের জায়গায় ব্যক্তিগত নিরাপত্তা ও সম্মানের কথা বলতে গিয়ে দীপা খন্দকার জানান, দীর্ঘ এই পথচলায় তিনি কখনো কোনো ধরনের হয়রানির মুখে পড়েননি। এর পেছনের কারণ হিসেবে নিজের ব্যক্তিত্ব ও মানসিক দৃঢ়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে এমন সময়ও তিনি কাজ করেছেন যখন রাত দেড়টা বা দুইটা পর্যন্ত শুটিং চলেছে এবং অনেক সময় পুরো শুটিং ইউনিটে তিনি একাই নারী সদস্য ছিলেন, তবুও কেউ তাকে কখনো অসম্মান করার সাহস পায়নি। নিজের শক্ত অবস্থানের কারণে সহশিল্পীরাও তাকে ভিন্নভাবে মূল্যায়ন করতেন উল্লেখ করে তিনি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের একটি মন্তব্য টেনে বলেন, সহশিল্পীরা হয়তো তাকে বেশ শক্ত স্বভাবের বলেই মনে করেন।
পরিবার ও কন্যাসন্তানের লালন-পালন প্রসঙ্গে দীপা জানান, তিনি তার ছোট মেয়েকেও ছোটবেলা থেকেই মানসিকভাবে শক্ত হওয়ার এবং নিজের অধিকার রক্ষার শিক্ষা দিচ্ছেন। মেয়েকে তিনি শিখিয়েছেন যে বিনা কারণে কাউকে আঘাত না করলেও আত্মরক্ষার জন্য বা অন্যায় প্রতিরোধের ক্ষেত্রে কাউকেই ছাড় না দিয়ে শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। দীপার এই সাহসী ও স্পষ্টবাদী দৃষ্টিভঙ্গি তার ভক্ত ও অনুসারীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
মন্তব্য করুন