কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নাওটি রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন, তবে শত শত যাত্রী অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।
প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ট্রেনটি নাঙ্গলকোট স্টেশন ছেড়ে যায়। তাদের ভাষ্য, ট্রেনের গতি ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। নাওটি স্টেশন পার হওয়ার পর হঠাৎ তিনটি বগি লাইন থেকে ছিটকে পড়ে।
যাত্রী নাহিদা আক্তার বলেন, "হঠাৎ প্রচণ্ড শব্দ হয়, এরপর আমাদের বগিটি লাইনচ্যুত হয়ে যায়। যাত্রীরা একে অপরের ওপর পড়ে যান, নামতে গিয়ে কয়েকজন হুড়োহুড়িতে আহত হন। ট্রেন থেকে নেমে দেখি ধোঁয়া বের হচ্ছে।"
নাঙ্গলকোট রেলস্টেশনের স্টেশন মাস্টার জামাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়েছেন, তবে হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানান তিনি।
দুর্ঘটনার কারণে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে চলাচল স্বাভাবিক করতে রেলওয়ে কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন