আগামী বছর বিশ্ব ইজতেমার দুটি পর্বের তারিখ চূড়ান্ত করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৮ থেকে ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তাবলীগ জামাত বাংলাদেশের প্রতিনিধিদের (সাদপন্থী) সঙ্গে এক গুরুত্বপূর্ণ সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তারিখ ঘোষণা করেন।
বিশ্ব ইজতেমা সর্বাত্মক শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের ওপর বিশেষ জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার যেকোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। অতীতে ইজতেমাকে কেন্দ্র করে ঘটে যাওয়া অনভিপ্রেত সংঘর্ষ ও হতাহতের ঘটনার কথা স্মরণ করে তিনি জানান, তাবলিগ জামাতের উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমেই যেন ইজতেমা অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া বহুল আলোচিত মাওলানা সাদের ইজতেমায় অংশগ্রহণ প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করেন যে, বিষয়টি সম্পূর্ণ ভিসা নীতি ও ধর্ম মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত এবং সংশ্লিষ্ট নীতিমালা মেনেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত ১৮ আগস্ট জুবায়েরপন্থী অংশের প্রতিনিধিদের সঙ্গেও স্বরাষ্ট্রমন্ত্রীর একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করার লক্ষ্যেই সরকার ধারাবাহিকভাবে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন