প্রযুক্তি জায়ান্ট অ্যাপল আনুষ্ঠানিকভাবে তাদের নতুন অপারেটিং সিস্টেম ‘আইওএস ২৭’ (iOS 27) রোলআউট শুরু করেছে। গত ১৪ সেপ্টেম্বর আইপ্যাডওএস ২৭, ওয়াচওএস ২৭ এবং ভিশনওএস ২৭-এর সঙ্গেই এটি উন্মুক্ত করা হয়। এই আপডেটের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত ‘সিরি এআই’ (Siri AI) ওভারহল বা কৃত্রিম বুদ্ধিমত্তার বড় ধরনের সংস্কার যুক্ত করা হয়েছে, যা সমর্থিত আইফোনগুলোতে বিটা সংস্করণে পাওয়া যাচ্ছে। প্রাথমিক অবস্থায় এটি শুধু ইংরেজিতে কাজ করলেও আগামী অক্টোবরে ফরাসি, জাপানি, কোরিয়ান, পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষা সমর্থন যুক্ত হওয়ার কথা রয়েছে।
নতুন সিরি এআই এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি বার্তা, ইমেল এবং ফটোর মতো ব্যক্তিগত প্রেক্ষাপট বুঝতে পারার পাশাপাশি ব্যবহারকারীর স্ক্রিনে প্রদর্শিত সামগ্রীতেও প্রতিক্রিয়া জানাতে পারে। অ্যাপল জানিয়েছে, এই নতুন সহকারী আরও সহজে বিভিন্ন অ্যাপের ভেতর বিভিন্ন কাজ পরিচালনা করতে এবং প্রয়োজনে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করতে সক্ষম। কৃত্রিম বুদ্ধিমত্তার বাইরেও আইওএস ২৭-এ অ্যাপলের ‘লিকুইড গ্লাস’ ডিজাইনে বিশেষ পরিমার্জন আনা হয়েছে, যার মধ্যে একটি স্লাইডার রয়েছে যা ব্যবহারকারীদের এর স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি সামঞ্জস্য করার সুযোগ দেয়। এছাড়া অ্যাপ আইকন, উইজেটস, সাউন্ড কন্ট্রোল, কানেক্টিভিটি এবং সিস্টেম পারফরম্যান্সের ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।
অপারেটিং সিস্টেমটি আইফোন ১১, দ্বিতীয় প্রজন্মের আইফোন এসই এবং পরবর্তী সব মডেলের জন্য উপলব্ধ রয়েছে। তবে সিরি এআই এবং অন্যান্য নতুন অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারগুলোর ব্যবহারের জন্য তুলনামূলক নতুন ও শক্তিশালী হার্ডওয়্যারের প্রয়োজন হবে। একই সঙ্গে অ্যাপল তাদের অন্যান্য ডিভাইসের জন্যও ইকোসিস্টেম আপডেট নিয়ে এসেছে; যেমন ওয়াচওএস ২৭-এ ওয়ার্কআউট বাডি ও স্মার্ট স্ট্যাকের আপডেট এবং ভিশনওএস ২৭-এর মাধ্যমে ভিশন প্রো ব্যবহারকারীদের জন্য সিরি এআই ও ইমার্সিভ মিডিয়া আপডেট যুক্ত করা হয়েছে।
মন্তব্য করুন