শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন বিভাগের পূজামণ্ডপ পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাত ১টা ১০ মিনিটে তিনি সামরিক বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এর আগে মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা থেকে রওনা হয়ে প্রথমে রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে রাজশাহীর ধর্মসভা মন্দিরে গিয়ে মন্দির কর্তৃপক্ষের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
রাজশাহীতে এক জনসভায় প্রধানমন্ত্রী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মাঝে ডিজিটাল পদ্ধতিতে ১২ কোটি টাকা প্রণোদনা হস্তান্তর করেন। মতবিনিময়ে সম্প্রদায়ের নেতারা পূজা উদযাপন ও মন্দির নির্মাণের জন্য একটি তহবিল গঠনের অনুরোধ জানান। এ বছর দুর্গাপূজায় সরকারি অনুদান ও সহায়তা বাড়ানোয় তারা সন্তোষ প্রকাশ করেন।
সন্ধ্যায় চট্টগ্রামের রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় অংশ নেন।
দিনভর সফরের বিভিন্ন জায়গায় সড়কের দুই পাশে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। মণ্ডপগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয়।
মন্তব্য করুন