চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবন-২-এ পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে টানা ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমসহ ১১ জন কর্মকর্তা ও সাবেক শিক্ষার্থী। পরিস্থিতি মোকাবিলায় চুয়েট শিক্ষার্থীরা মূল ফটক ও ভবনের ভেতরের ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে চুয়েটের চলমান সংকট নিরসন এবং শিক্ষার্থীদের বাসে হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের ডাক দিয়েছেন ঢাকায় অবস্থানরত বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
অবরুদ্ধ অবস্থা দীর্ঘায়িত হওয়ায় সেখানে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসাধীন রয়েছেন সাবেক শিক্ষার্থী প্রকৌশলী শাহরিয়ার, যাকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। উপাচার্য নিজেও সারারাত ঘুম না হওয়া ও তীব্র মাথাব্যথাসহ শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করলেও পরিবেশ না পাওয়ার অভিযোগ তোলেন। অন্যদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেও অবরুদ্ধ ব্যক্তিদের জন্য মঙ্গলবার সকালে খাবারের ব্যবস্থা করেছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছেন যে, নবনিযুক্ত উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তালা খোলা হবে না।
চুয়েটের সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। উল্লেখ্য, নিয়োগ পাওয়ার প্রায় তিন সপ্তাহ পর গত সোমবার সকালে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভবনে প্রবেশ করেন নতুন উপাচার্য। পরবর্তীতে শিক্ষার্থীরা তাঁকে সরে যাওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিলেও তিনি তা না মানায় ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন আরও জোরদার করা হয়।
মন্তব্য করুন