জাতি গঠনে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন স্তরের ১০১ জন গুণী শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের হাতে ‘গুণী শিক্ষক সম্মাননা’ তুলে দেন।
এবারের সম্মাননায় প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় পর্যায়ে মাত্র ১২ জন শিক্ষককে এই সম্মাননা দেওয়া হলেও এবার তার পরিধি বাড়িয়ে ১০১ জনে উন্নীত করা হয়েছে। জাতীয় স্টিয়ারিং কমিটির কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৯৫ জন এবং প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় আরও ৬ জনসহ মোট ১০১ জন শিক্ষককে এই তালিকায় চূড়ান্ত করা হয়। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা নগদ অর্থ, একটি ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়েছে।
উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে সম্মাননাপ্রাপ্তদের মধ্যে সাধারণ বিশ্ববিদ্যালয় থেকে মোট ২০ জন শিক্ষক এই স্বীকৃতি লাভ করেছেন। এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক রয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে একমাত্র শিক্ষক হিসেবে জাবির প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. খন্দকার মুস্তাহিদুর রহমানকে মরণোত্তর এই সম্মাননা প্রদান করা হয়। করোনা আক্রান্ত হয়ে ২০২১ সালে মারা যাওয়া এই শিক্ষাবিদ ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত অত্যন্ত সফলতার সঙ্গে জাবির উপাচার্যের দায়িত্ব পালন করেছিলেন।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ড. এমাজউদ্দীন আহমদ (মরণোত্তর), ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, ড. মাহবুব উল্লাহ, ড. রফিকুর রহমান, ড. আ ফ ম ইউসুফ হায়দার, ড. সদরুল আমিন, ডা. তাজমেরী এস এ ইসলাম, ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী, ড. বোরহান উদ্দীন খান ও প্রতীমনা আহমেদ এই সম্মাননা পেয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ড. অরুণ কুমার বসাক, ড. মো. ইব্রাহীম হোসেন মন্ডল ও ড. মো. গোলাম ছাদিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ড. জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), ড. আ ন ম মুনির আহমেদ চৌধুরী ও ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ সম্মাননা অর্জন করেছেন। খুলনা বিশ্ববিদ্যালয় থেকেও দুজন শিক্ষক এই তালিকায় স্থান পেয়েছেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড. নোভা আহমেদ এবং ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ড. ফুয়াদ হাসান মল্লিক এই মর্যাদাপূর্ণ সম্মাননা লাভ করেছেন। শিক্ষকদের এই রাষ্ট্রীয় স্বীকৃতি দেশের শিক্ষা খাতে এক নতুন উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
মন্তব্য করুন