চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত বন্ডেড প্রতিষ্ঠান ‘জ্যাস অ্যাকসেসরিজ (বিডি) লিমিটেড’-এর কারখানা ও গুদামে অভিযান চালিয়ে ১৩ লাখ ৩৫ হাজার ২৭৫ কেজির বেশি কাঁচামালের বিশাল ঘাটতি উদ্ঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা এসব কাঁচামালের বিপরীতে প্রায় ৯ কোটি ১০ লাখ টাকার রাজস্ব ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (৫ অক্টোবর) কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলীর উত্তর কাট্টলী এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানা ও বন্ডেড গুদামে গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালানো হয়। এ সময় কাস্টমসের পক্ষ থেকে প্রতিষ্ঠানের অনলাইন ব্যবহার অনুমোদনের হিসাব এবং গুদামের প্রকৃত মজুত পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়।
অনলাইন তথ্যানুযায়ী প্রতিষ্ঠানটির গুদামে মোট ১৯ লাখ ২০ হাজার ৮৫৭ কেজি কাঁচামাল থাকার কথা থাকলেও সরেজমিনে মাত্র ৫ লাখ ৮৫ হাজার ৫৮১ দশমিক ২ কেজি কাঁচামাল পাওয়া যায়। অর্থাৎ কাগজকলমে থাকা হিসাবের সঙ্গে প্রকৃত মজুতের তুলনামূলক হিসাবে ১৩ লাখ ৩৫ হাজার ২৭৫ দশমিক ৮ কেজি কাঁচামালের গরমিল বা ঘাটতি ধরা পড়ে।
উল্লেখ্য, জ্যাস অ্যাকসেসরিজ বন্ড সুবিধার আওতায় এলডিপিই, এইচডিপিই, এলএলডিপিই, পিপি, জিপিপিএস, এইচআইপিএস, বিপিওপিপি, ডুপ্লেক্স বোর্ড ও রাবার থ্রেড ইয়ার্নসহ বিভিন্ন ধরনের কাঁচামাল শুল্কমুক্তভাবে আমদানি করে থাকে। কাস্টমসের সর্বশেষ বিল অব এন্ট্রির ঘোষণা অনুযায়ী, হদিস না পাওয়া এই বিশাল পরিমাণ কাঁচামালের শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ২৪ কোটি ৯৬ লাখ টাকা। এর বিপরীতে প্রযোজ্য শুল্ক-কর বাবদ রাষ্ট্রের প্রায় ৯ কোটি ১০ লাখ টাকার রাজস্ব ঝুঁকির মুখে পড়েছে।
শুল্কমুক্ত সুবিধায় আনা এসব কাঁচামাল অনুমোদিত উৎপাদন ও রপ্তানি কাজে যথাযথভাবে ব্যবহৃত হয়েছে, নাকি বন্ডের শর্ত ভঙ্গ করে অবৈধভাবে খোলা বাজারে বিক্রি বা অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে তা বর্তমানে খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা দল। এ ঘটনায় প্রতিষ্ঠানটির বন্ড রেজিস্টার, আমদানি-রপ্তানির সমস্ত নথিপত্র এবং ব্যবহারসংক্রান্ত হিসাব গভীরভাবে যাচাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অনিয়ম বা জালিয়াতির প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
মন্তব্য করুন