ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচে এসে শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে হার মানতে হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে জয়ী হওয়ার সুযোগ তৈরি করলেও শেষ বলের নাটকীয়তায় শেষ পর্যন্ত ৪ উইকেটে পরাজিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ইনিংসের শুরুতেই ওপেনার মাইমুনা নাহের (১) ও বিবি আয়েশা (খাতা খুলতে ব্যর্থ) দ্রুত আউট হয়ে গেলেও শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার জান্নাত (১৬)। দলের পক্ষে সবচেয়ে দায়িত্বশীল ও সর্বোচ্চ ইনিংসটি খেলেন অধিনায়ক সাদিয়া ইসলাম; মাত্র ২২ বলে ৩৯ রানের ঝলমলে এক ইনিংস উপহার দেন তিনি। এছাড়া নিশিতা আক্তার নিশি ২৬ এবং সাদিয়া আক্তার ১৮ রানের কার্যকর অবদান রাখেন।
জবাবে ১১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কানরাও শুরুতে উইকেট হারায়। নেটমি উপেক্ষা (৪) দ্রুত বিদায় নিলেও ওপেনার সাঞ্জানা কাভিন্দির অনবদ্য ৪৮ রানের ইনিংসে ভর করে জয়ের শক্ত ভিত পেয়ে যায় শ্রীলঙ্কা। বালাসুরিয়া (২১) ও শেষ দিকের ব্যাটারদের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অবদানে ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত। বাংলাদেশের বোলারদের মধ্যে নিশিতা আক্তার নিশি সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন। এছাড়া ফারজানা ইয়াসমিন ও আফরিন মিম একটি করে উইকেট লাভ করলেও শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি বাংলাদেশ দল।
মন্তব্য করুন