ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশা জানিয়ে বুড়িগঙ্গা নদীতে নৌকায় ব্যানার টানিয়ে কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। রোববার সকালে সদরঘাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বলে দাবি করেন কর্মসূচির আয়োজকেরা।
ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশা জানিয়ে বুড়িগঙ্গা নদীতে নৌকায় কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। রোববার (৮ নভেম্বর) সকালে রাজধানীর সদরঘাট এলাকায় নৌকায় ব্যানার টানিয়ে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
জবি শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির বিষয়ে আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার বার্তা ছড়িয়ে দিতেই তাঁদের এ আয়োজন। ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এ মাসের।
তিনি দাবি করেন, শেখ হাসিনা ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন। তাঁর দেশে ফেরার বিষয়টি বাস্তবায়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দৃঢ়প্রতিজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি। এ সময় শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপেক্ষায় দেশের কোটি কোটি মানুষ রয়েছেন বলে দাবি করেন এই নেতা।
ডিসেম্বর মাসের প্রত্যাশা তুলে ধরে আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, দেশে শান্তি, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন। রাজনৈতিক বিভেদ ও প্রতিহিংসার পরিবর্তে সহাবস্থান এবং সংঘাতের বদলে শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের ওপরও গুরুত্ব দেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১২ মে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনগুলোর সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।