সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী স্বামী পরিচয় গোপন রেখে বিয়ের ছবি প্রকাশ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। নেটিজেনদের দাবি, এক অনলাইন অ্যাক্টিভিস্টকে গোপনে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এই তারকা।
ঢাকাই শোবিজের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর বিয়ে নিয়ে ভক্ত ও নেটিজেনদের কৌতূহলের শেষ নেই। স্বামীর পরিচয় গোপন রেখে ছবি প্রকাশ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে নানা জল্পনা-কল্পনা। পারশা কার সঙ্গে যৌথজীবন শুরু করেছেন, সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারদিকে।
শনিবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে স্বামীর সঙ্গে নতুন একটি ছবি প্রকাশ করেন পারশা। ছবিতে তাঁকে শাড়ি পরা অবস্থায় দেখা গেলেও বরের মুখটি একটি পদ্মফুল দিয়ে ঢাকা ছিল। ছবির ক্যাপশনে স্বামী সম্পর্কে বেশ খোলামেলা ও রূপকধর্মী মন্তব্য করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, “পুরুষ মানুষ ললিপপের ন্যায়, যার মোড়ক উন্মুক্ত থাকলে পিঁপড়ার আগমন অনিবার্য। খোসা ছাড়ানো কলায় মাছি বসবে, অনাবৃত মিষ্টিতে পোকামাকড়ের উপদ্রব ঘটবে, এটাই প্রকৃতির স্বাভাবিক বিধান। এমতাবস্থায় পিঁপড়া কিংবা মাছির চরিত্র নিয়ে প্রশ্ন তোলা নিতান্তই অযৌক্তিক। ভালো ঘরের পুরুষেরা রূপ-যৌবন দেখিয়ে বেড়ায় না। স্বামীর পর্দা তার স্ত্রীর সম্মান।”
এদিকে পারশার এই পোস্টের পর থেকেই নড়েচড়ে বসেছেন সোস্যাল মিডিয়া ট্র্যাকার ও নেটিজেনরা। তাঁদের দাবি, পারশা এক অনলাইন অ্যাক্টিভিস্টকে বিয়ে করেছেন, যাঁর নামের আদ্যক্ষর 'আ'। ফেসবুক ও ইনস্টাগ্রামে উভয়ের বিভিন্ন পোস্ট ঘেঁটে নানা সূত্র ও মিল খুঁজে বের করেছেন তাঁরা।
অনুসন্ধানী নেটিজেনদের মতে, গত ২১ অক্টোবর ওই ব্যক্তির ইনস্টাগ্রামে প্রকাশিত একটি পাঞ্জাবি পরা ছবির পাশে লাল শাড়ির একটি আঁচল দেখা গিয়েছিল, যা পারশার ৭ নভেম্বরের ছবির শাড়ির সঙ্গে হুবহু মিলে যায়। এছাড়া পারশা তাঁর বিয়ের সম্ভাব্য তারিখ ২২ অক্টোবর ইঙ্গিত করায় দিন-তারিখের হিসাবও মিলে যাচ্ছে। শুধু তাই নয়, গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কা ভ্রমণের ছবি এবং পারশার জন্মদিনে ওই ব্যক্তির বিশেষ পোস্ট ও চোখের ছবি প্রকাশের বিষয়টিও চর্চায় উঠে এসেছে। বর্তমানে দুজনকেই ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করতে এবং একযোগে কলকাতায় অবস্থান করতে দেখা যাচ্ছে।
এত সব মিল খুঁজে পাওয়া গেলেও নিজের স্বামী বা বিয়ের সুনির্দিষ্ট পরিচয় নিয়ে এখনো মুখ খোলেননি পারশা মাহজাবীন। নেটিজেনদের এই সরগরম চর্চাকে খুব একটা আমলে না নিয়ে নিজের মতো করেই সময় কাটাচ্ছেন এই তারকা।