গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিক হয়ে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার ভোর ৬টার দিকে ভাদাম রোডের মাদরাসা মার্কেটের কাছে একটি দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন লাল চাঁন মিয়া (৪৪), তার স্ত্রী নাসিমা খাতুন (৪০) ও মেয়ে তানিশা আক্তার (১৬)। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ জানান, লাল চাঁনের শরীরের ৯৫ শতাংশ, নাসিমার ৮৫ শতাংশ ও তানিশার ৮৬ শতাংশ পুড়ে গেছে। তিনজনেরই শ্বাসনালী দগ্ধ হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।
দম্পতির বড় মেয়ে বিউটি আক্তার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। বাসায় তিতাস গ্যাসের লাইন থাকলেও রান্নার জন্য একটি এলপিজি সিলিন্ডারও রাখা ছিল। ধারণা করা হচ্ছে, যেকোনো একটি লাইন থেকে রাতে লিক হয়ে ঘরে গ্যাস জমে ছিল, ভোরে সেই গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটে।
পরিবারটির বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী কুড়িপাড়ায়। লাল চাঁন ও নাসিমা স্থানীয় একটি পোশাক কারখানায় অপারেটর পদে কাজ করেন, তানিশা স্কুলের ছাত্রী।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে রাতে ঘুমানোর আগে গ্যাসের চুলা ও সিলিন্ডারের রেগুলেটর ভালোভাবে বন্ধ রাখতে এবং ঘরে গ্যাসের গন্ধ পেলে আগুন না জ্বালিয়ে জানালা খুলে দিতে পরামর্শ দেন ফায়ার সার্ভিস সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন