আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চালুর কথা থাকলেও এক গুরুতর ডিজিটাল অবকাঠামোগত সংকটের মুখে পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন থার্ড টার্মিনাল। মূল নকশায় মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো অন্তর্ভুক্ত না থাকায় এবং পরবর্তীতে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের আহ্বান করা উচ্চপ্রযুক্তির ‘অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটেড অ্যান্টেনা সিস্টেম (অ্যাক্টিভ ডাস)’ দরপত্রে কোনো প্রতিষ্ঠান অংশ না নেওয়ায় পুরো টার্মিনালটি এখন কার্যত নেটওয়ার্ক ব্ল্যাকআউটের ঝুঁকিতে পড়েছে। ৪৭ কোটি ৬৩ লাখ টাকার এই প্রকল্পের দরপত্র গত ২ সেপ্টেম্বর বাতিল হয়ে যাওয়ায় উদ্বোধনের এত কাছে এসে আধুনিক ডিজিটাল যোগাযোগব্যবস্থা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
টার্মিনালের বিশাল কাচ, স্টিল ও কংক্রিটের কাঠামোর কারণে বাইরের টাওয়ারের সিগন্যাল ভেতরে প্রবেশ না করায় ইনডোর নেটওয়ার্ক নিশ্চিত করতে এই বিশেষ প্রকল্প নেওয়া হয়েছিল। যার আওতায় অ্যাকটিভ ডাস, প্রায় ৭০০টি স্মল সেল এবং ৬৩৫টি ওয়াই-ফাই ইউনিট স্থাপনের পরিকল্পনা ছিল। এই সংকট নিরসনে আজ বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ে এক উচ্চপর্যায়ের জরুরি বৈঠক ডাকা হয়েছে। প্রচলিত দরপত্র প্রক্রিয়ায় সময়মতো কাজ শেষ করা অসম্ভব হয়ে পড়ায় বৈঠকে ফাস্ট-ট্র্যাক বা বিশেষ কোনো বিকল্প প্রক্রিয়ায় দ্রুত নেটওয়ার্ক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন শত শত আন্তর্জাতিক ফ্লাইট ও হাজার হাজার যাত্রীর চলাচলের এই গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারে নেটওয়ার্ক সংকট দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করতে পারে।
মন্তব্য করুন