দারুণ ফর্মে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের দলের অধিনায়ক শাই হোপের অনবদ্য সেঞ্চুরি এবং কিমো পলের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ভারতকে ২৪ রানে পরাজিত করেছে ক্যারিবীয়রা। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা ফিরিয়ে আনল সফরকারীরা। হায়দরাবাদে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে হোপ কেবল তার ব্যক্তিগত রেকর্ডই গড়েননি, বরং দলের জয়েও রেখেছেন সর্বাত্মক ভূমিকা। আগামী শনিবার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি দুই দলের জন্যই সিরিজ নির্ধারণী ফাইনালে পরিণত হয়েছে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চড়াও হয়ে খেলে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের একেবারে শেষ বলে ছক্কা হাঁকিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক শাই হোপ। দুর্দান্ত এই ইনিংসে তিনি মাত্র ৫০ বলে ৪টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ১০২ রানে অপরাজিত থাকেন। এছাড়া শেষ দিকে শেরফান রাদারফোর্ড ২৬ বলে অপরাজিত ৪৯ এবং শিমরন হেটমায়ার মাত্র ১২ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেললে নির্ধারিত ৩ উইকেটে ২৪৭ রানের পাহাড়সম সংগ্রহ পায় ক্যারিবীয়রা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিস গেইল ও এভিন লুইসকে পেছনে ফেলে এখন সর্বোচ্চ তিনটি সেঞ্চুরির মালিক এখন হোপ, মজার বিষয় হলো তার তিনটি সেঞ্চুরিয়েই ব্যক্তিগত রান থামে ১০২-এ। সর্বশেষ সাতটি আন্তর্জাতিক ইনিংসে এটি তার চতুর্থ সেঞ্চুরি।
পাহাড়সম ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরু থেকেই আক্রমণাত্মক ছিল এবং মাত্র ৩ ওভারেই দলীয় অর্ধশতক পূর্ণ করে রেকর্ডের জন্ম দেয়। ওপেনার সঞ্জু স্যামসন মাত্র ২০ বলে হাফসেঞ্চুরি তুলে নিয়ে ৫৬ রানে আউট হন। তবে অন্যপ্রান্তে অভিষেক শর্মা (২৯) বড় ইনিংস খেলতে ব্যর্থ হন এবং নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তিলক ভার্মা (৪৩) ও নীতিশ কুমার রেড্ডি (৪১) জয়ের আশা বাঁচিয়ে রাখার চেষ্টা করলেও ক্যারিবীয় পেসার কিমো পলের নিখুঁত বোলিংয়ের সামনে তা ভেস্তে যায়। কিমো পল একাই ৫টি উইকেট শিকার করে ভারতের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতেই ২২৩ রানে গুটিয়ে যায় ভারত এবং ২৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ।
মন্তব্য করুন