দেশের সব সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদসহ স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ সকল প্রতিষ্ঠানে সব ধরনের কাজ, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র (টেন্ডার) এবং ক্রয়প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি ক্রয়সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশের আওতায় নতুন বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ নির্দেশিকা বলবৎ থাকবে।
বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক বিশেষ চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিভাগের সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম স্বাক্ষরিত এই নির্দেশনাটি দেশের সকল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রশাসক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদের প্রশাসকদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।
প্রেরিত চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, 'পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬'-এর আওতায় প্রয়োজনীয় বিধিমালা চূড়ান্তকরণ না হওয়া পর্যন্ত এবং নতুন রেট শিডিউল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সকল উন্নয়ন কাজ, সেবা গ্রহণ ও পণ্য সরবরাহের দরপত্র আহ্বান বা চলমান ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ মেনে চলতে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়েছে।
মন্তব্য করুন