প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। স্থানীয় সময় শুক্রবার রাতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
মাহদী আমিন জানান, এই সফরকালে জাতিসংঘের সাধারণ পরিষদ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি, সাইডলাইনে চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান, ১১টি দ্বিপক্ষীয় বৈঠক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে জেপি মরগান চেজ আয়োজিত প্রাতরাশ বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন। এছাড়া ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ও মানবাধিকার সুরক্ষার বিষয়টি জোরালোভাবে স্থান পায়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী তিন দেশ কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। এসব বৈঠকে জনশক্তি রপ্তানি বৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা, খনিজ খাতে সহযোগিতা এবং দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের জোরালো অবস্থান তুলে ধরেন। প্রধানমন্ত্রী পত্নী ডা. জুবাইদা রহমানও সফরে বিভিন্ন উচ্চপর্যায় আটটি কর্মসূচিতে অংশ নিয়ে দেশের প্রতিনিধিত্ব করেছেন। ছোট একটি প্রতিনিধিদল নিয়ে সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে এই সফর দেশের জন্য অত্যন্ত সফল হয়েছে বলে জানান মাহদী আমিন।
মন্তব্য করুন