গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে জোরদার বিক্ষোভ প্রদর্শন করেছেন ‘সি স্টেজ বিডি লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টাব্যাপী মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন চলাকালে সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে ওই মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, গত ১০ অক্টোবরের প্রতিবাদের পর কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবরের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছিল। তবে নির্ধারিত তারিখে বেতন না দিয়ে বুধবারও টালবাহানা করা হয় এবং পরবর্তীতে বৃহস্পতিবার কারখানাটি সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে বাধ্য হয়ে তারা মহাসড়কে নেমে পড়েন।
শ্রমিকদের মহাসড়ক অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে শিল্প পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দেয় এবং রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। তবে শ্রমিকরা সেই আহ্বান উপেক্ষা করে অবরোধ বজায় রাখলে একপর্যায়ে পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রমিদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলেও তারা তাতে সায় দেননি। ফলে জনভোগান্তি এড়াতে বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও জানান, কারখানা মালিকপক্ষের সাথে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
মন্তব্য করুন