মালয়েশিয়ায় স্বল্প বেতনভোগী শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি আরও বাড়ানোর বিষয়টি বর্তমানে চূড়ান্ত পর্যায়ের আলোচনায় রয়েছে। দেশটির সরকার ২০২৭ সালের বাজেট ঘোষণার প্রাক্কালে বর্তমান ১ হাজার ৭০০ রিঙ্গিতের ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত করার জোরালো চিন্তা করছে। যদিও শ্রমিক সংগঠনগুলো আরও বেশি অর্থাৎ ৩ হাজার ১০০ রিঙ্গিত মজুরির দাবি জানিয়ে আসছে, তবে সরকারের এই পদক্ষেপে দেশটিতে কর্মরত লাখ লাখ বাংলাদেশি শ্রমিকসহ অন্যান্য দেশের প্রবাসীরাও আর্থিকভাবে সরাসরি লাভবান হবেন।
মালয়েশিয়ার অর্থমন্ত্রী আকমান নাসরুল্লাহ মোহাম্মদ নাসির জানিয়েছেন, ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার বিষয়টি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী ২০২৭ সালের বাজেট ঘোষণার সময় আনুষ্ঠানিকভাবে জানাবেন। তবে মজুরি বৃদ্ধির ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ী ও মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) ওপর যেন অতিরিক্ত চাপ না পড়ে, সেটির মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে সরকার। এর আগে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও ইঙ্গিত দিয়েছিলেন যে, বড় বড় কোম্পানিগুলো হাজার হাজার কোটি রিঙ্গিত মুনাফা করলেও শ্রমিকদের স্বল্প বেতনে রাখা টেকসই নয়। উৎপাদনশীলতা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিকদেরও উচ্চ মজুরির সুফল পাওয়া উচিত। উল্লেখ্য, মালয়েশিয়ার আইন অনুযায়ী ন্যূনতম মজুরি আইন বিদেশি শ্রমিকদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হওয়ায় নতুন এই হার কার্যকর হলে বাংলাদেশি কর্মীরাও বর্ধিত বেসিক বেতন পাওয়ার অধিকার লাভ করবেন।
মন্তব্য করুন