কিউবার বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে উল্লেখ করে দেশটির সরকার ও অর্থনীতি ‘পতনের মুখে’ রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় সোমবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হাভানা প্রশাসনের কঠোর সমালোচনা করেন।
সাক্ষাৎকারে মার্কো রুবিও বলেন, কিউবার বর্তমান ব্যবস্থা দেশটির সাধারণ মানুষের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং এটি এখন সব অর্থেই একটি ব্যর্থ রাষ্ট্র। দেশটির কার্যকর কোনো অর্থনীতি নেই উল্লেখ করে তিনি বলেন, বর্তমান শাসকরা এমন এক বিপ্লবের কথা বলে চলেছেন যা বহু বছর আগেই মৃত। কিউবার তীব্র অর্থনৈতিক সংকটের প্রমাণ হিসেবে তিনি জানান, ২০২১ সাল থেকে দেশটির মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ মানুষ উন্নত জীবনের আশায় দেশ ছেড়ে চলে গেছে। শুধু অর্থনৈতিক সংস্কার করলেই কিউবার মুক্তি মিলবে না উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃত পরিবর্তনের জন্য দেশটিতে একই সঙ্গে রাজনৈতিক স্বাধীনতা ও গণতন্ত্র নিশ্চিত করা জরুরি।
মন্তব্য করুন