ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে নিছক ‘লোকদেখানো’ ও হতাশাঞ্জক পদক্ষেপ বলে অভিহিত করেছেন মার্কিন সিনেটর ক্রিস মারফি। ব্রিটিশ সংবাদমাধ্যম
Middle East Eye-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের পক্ষ থেকে ইরানের তেল খাতসহ সব আয়ের উৎস বন্ধ করে দেওয়ার ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এই সিনেটর। ক্রিস মারফি তার এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে দাবি করেছেন যে, এই যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র যে সুনির্দিষ্ট লক্ষ্যগুলো নির্ধারণ করেছিল তার একটিও অর্জিত হয়নি, বরং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনও ইরানের হাতেই রয়েছে এবং মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধসরঞ্জামের মজুতও দিন দিন ফুরিয়ে আসছে। তার মতে, সামরিক সংঘাতে ব্যর্থতার অপমানজনক পরাজয় ঢাকতেই এখন অর্থনৈতিক চাপের নাটক সাজানো হচ্ছে, যার চড়া মূল্য পরিশোধ করতে হচ্ছে সাধারণ মার্কিন নাগরিকদের।