প্রায় ২৮ বছর ধরে চালু থাকা ‘তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র’ দেশের সব নাগরিক ও নির্দিষ্ট প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত। তিন বছর মেয়াদী এই সঞ্চয়পত্রে ১১.৮২ শতাংশ পর্যন্ত মুনাফা পাওয়া যায় এবং প্রতি তিন মাস পর পর মুনাফা উত্তোলনের সুযোগ রয়েছে।
মূল্যমান ও মেয়াদ: বিনিয়োগকারীদের সুবিধার্থে এই সঞ্চয়পত্রটি ১ লাখ, ২ লাখ, ৫ লাখ ও ১০ লাখ টাকার মূল্যমানে পাওয়া যায়। জেলা সঞ্চয় অফিস, জাতীয় সঞ্চয় বিশেষ ব্যুরো, বাণিজ্যিক ব্যাংক এবং ডাকঘর থেকে এটি কেনা ও ভাঙানো সম্ভব। এই সঞ্চয়পত্রের মেয়াদ ৩ বছর। তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগে ভাঙালে মুনাফার হার কমে যায়। এছাড়া মেয়াদপূর্তির পূর্বে অতিরিক্ত অর্থ পরিশোধ করা হয়ে থাকলে তা মূল টাকা থেকে কেটে রাখা হবে।
মুনাফার হার:
সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে: ৩ বছরের মেয়াদ পূর্ণ করলে বার্ষিক ১১.৮২ শতাংশ হারে মুনাফা পাওয়া যায়।
সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে: মেয়াদ পূর্ণ করলে বার্ষিক ১১.৭৭ শতাংশ হারে মুনাফা প্রযোজ্য হয়।
উৎসে কর ও নতুন নিয়ম: আয়কর আইন-২০২৩–এর ১০৫ ধারা অনুযায়ী মুনাফার ওপর অগ্রিম কর কাটা হয়। টিআইএন (TIN) থাকলে ১০ শতাংশ এবং টিআইএন না থাকলে ১৫ শতাংশ কর কাটা হবে। চলতি বছর থেকে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কাটা এই উৎসে কর চূড়ান্ত করদায় হিসেবে গণ্য হবে না; বরং করদাতারা বার্ষিক আয়কর রিটার্ন জমার সময় তা সমন্বয় করতে পারবেন।
কারা কিনতে পারবেন:
সব শ্রেণি ও পেশার প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক।
স্বীকৃত ও নিবন্ধিত ভবিষ্য তহবিল (Provident Fund)।
নির্দিষ্ট কিছু কৃষি খামার, মৎস্য খামার, পোলট্রি ও বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান (সংশ্লিষ্ট উপকর কমিশনার কর্তৃক প্রত্যায়িত)।
অটিস্টিকদের সহায়তাকারী প্রতিষ্ঠান, এতিমখানা, শিশু পরিবার এবং প্রবীণদের নিবন্ধিত আশ্রয়কেন্দ্র।
বিনিয়োগের সর্বোচ্চ সীমা:
ব্যক্তিগত পর্যায়ে: একক নামে সর্বোচ্চ ৩০ লাখ টাকা এবং যৌথ নামে সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।
প্রতিষ্ঠানের ক্ষেত্রে: ভবিষ্য তহবিলের মোট স্থিতির ৫০ শতাংশ (সর্বোচ্চ ৫০ কোটি টাকা), ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ ২ কোটি টাকা এবং বিশেষ প্রতিষ্ঠানগুলোর (যেমন এতিমখানা বা প্রবীণ নিবাস) জন্য সর্বোচ্চ ৫ কোটি টাকা।
বিশেষ সুবিধাসমূহ: ১. প্রতি তিন মাস পরপর নিয়মিত মুনাফা তোলার সুবিধা। ২. সঞ্চয়পত্রে নমিনি নিয়োগ ও পরিবর্তনের সুযোগ। ৩. ক্রেতার মৃত্যুর পর নমিনি চাইলে তাৎক্ষণিকভাবে সঞ্চয়পত্র নগদায়ন করতে পারেন অথবা মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত নিয়মিত তিন মাস অন্তর মুনাফা তুলতে পারেন। ৪. মেয়াদপূর্তির পূর্বে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগ (Auto-reinvestment) করার সুবিধা।