উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৮ জুলাই) সকালে এক বিশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুষ্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় বায়ুচাপের আধিক্য বিরাজ করছে, যার ফলে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার জন্য সতর্ক করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি ধীরে ধীরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে। তবে সতর্ক সংকেত বহাল থাকায় উপকূলীয় জেলাগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
মন্তব্য করুন