ঢালিউড সুপারস্টার শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম আলোচিত ও দীর্ঘ প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘অপারেশন অগ্নিপথ’ অবশেষে সমস্ত জটিলতার মেঘ কাটিয়ে বড় পর্দায় ফেরার সবুজ সংকেত পেয়েছে। দীর্ঘ এক দশক আগে অস্ট্রেলিয়ায় ছবিটির প্রথম ধাপের দৃশ্যধারণ এবং একটি আকর্ষণীয় টিজার প্রকাশের পর দর্শক মহলে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছিল। কিন্তু নানা ধরনের অভ্যন্তরীণ জটিলতা, প্রযোজনা সংক্রান্ত টানাপোড়েন এবং আইনি মারপ্যাচে মাঝপথেই ছবিটির নির্মাণকাজ সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছিল। দীর্ঘ এই বিরতির অবসান ঘটিয়ে অবশেষে সিনেমাটি সম্পূর্ণ নতুন অবয়বে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছে।
বর্তমান সময়ের আধুনিক সিনেমাপ্রেমী দর্শকদের রুচি ও চাহিদার কথা মাথায় রেখে সিনেমাটির মূল গল্পে কিছুটা পরিমার্জন এবং নতুন কিছু উপাদান যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা। প্রযোজক, পরিচালক এবং নায়ক শাকিব খান এই তিন পক্ষই ছবিটি নতুন পরিকল্পনা ও ঢেলে সাজানো আঙ্গিকে পুনরায় শুরু করার নীতিগত ঐকমত্যে পৌঁছেছেন। গল্পের পরিবর্তনের পাশাপাশি কাস্টিং বা অভিনয়শিল্পী তালিকাতেও কিছু রদবদল আনা হতে পারে বলে জানা গেছে। ভার্টেক্স মিডিয়ার ব্যানারে জানে আলমের প্রযোজনায় এবং আশিকুর রহমানের পরিচালনায় নির্মিতব্য এই প্রজেক্টের মূল দৃশ্যধারণ আগামী বছরই পুনরায় শুরু করার জোর প্রস্তুতি চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালের ঈদের বাইরের যেকোনো একটি সুবিধাজনক সময়ে দেশজুড়ে সিনেমা হলগুলোতে মহাসমারোহে মুক্তি পাবে বহুল প্রতিক্ষীত এই ছবি।
মন্তব্য করুন