তামিল পরিচালক পা রঞ্জিতের আসন্ন উচ্চাভিলাষী সিনেমা ‘ভেট্টুভাম’-এর চরিত্রের জন্য প্রস্তুতি নিতে গিয়ে মার্শাল আর্টের দুনিয়ায় প্রবেশ করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী শোভিতা ধুলিপালা। আর সেই অভিজ্ঞতা এতটাই উপভোগ্য হয়েছে যে, শাস্ত্রীয় নৃত্যে দীর্ঘ প্রশিক্ষণ থাকা সত্ত্বেও এখন নাচের চেয়ে মার্শাল আর্টকে বেশি প্রাধান্য দিচ্ছেন তিনি। সম্প্রতি এনডিটিভির ‘ইউভা ২০২৬’ অনুষ্ঠানে নিজের এই নতুন অভিজ্ঞতার কথা শেয়ার করেন এই অভিনেত্রী।
সিনেমার অ্যাকশন দৃশ্যের প্রস্তুতি হিসেবে আদি মুরাই, মল্লখম্ব ও সুরুলের মতো ঐতিহ্যবাহী ভারতীয় শারীরিক কৌশল ও কসরত চর্চা করতে হয়েছে শোভিতাকে। এই কঠিন প্রশিক্ষণ কেবল তার শারীরিক ফিটনেসই বাড়ায়নি, বরং মানসিক চাপ ও উত্তেজনা মুক্ত করতেও দারুণ ভূমিকা রেখেছে। শারীরিক কসরতের মাধ্যমে মন ও শরীর সম্পর্কে নতুন সচেতনতা তৈরি হওয়ার কথা জানিয়ে রসিকতার সুরে শোভিতা প্রশ্ন রাখেন, ‘ছেলেরা একাই সব মজা নেবে কেন?’ আগামী ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা অ্যাকশন ও সায়েন্স-ফিকশনের সংমিশ্রণে নির্মিত ‘ভেট্টুভাম’ সিনেমাটিতে শোভিতার সঙ্গে আরও অভিনয় করেছেন আরিয়া ও ভিআর দিনেশ।
মন্তব্য করুন