দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী তিনটি ট্রেন চলাচল আবারও শুরু হওয়ার পথে রয়েছে। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে আলোচনা করতে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে ঢাকায় দুই দিনব্যাপী বৈঠকে বসেছেন বাংলাদেশ ও ভারতের রেলওয়ের কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের মধ্যে কাঙ্ক্ষিত সমঝোতা হলে আগামী অক্টোবর থেকেই ট্রেনগুলো পুনরায় চালু করা সম্ভব হতে পারে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের আন্তঃসরকার রেলওয়ে বৈঠকে এই তিনটি ট্রেন চালুর বিষয়টি এবারের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা। বর্তমান রুট চালুর পাশাপাশি বৈঠকে রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত সম্পূর্ণ নতুন একটি রেলপথ চালুর প্রস্তাবও তুলতে পারে বাংলাদেশ পক্ষ। এছাড়া ঢাকা-কলকাতা রুটে চলাচলকারী জনপ্রিয় মৈত্রী এক্সপ্রেস ট্রেনটিকে পুরনো যমুনা সেতুর পরিবর্তে সদ্য নির্মিত পদ্মা সেতু হয়ে চালানোর বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই নিরাপত্তার কারণে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। অন্যদিকে, ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটের মিতালী এক্সপ্রেস ট্রেনটি ২০২৪ সালের ১৭ জুলাই শেষবারের মতো ঢাকায় আসার পর আর ভারতে ফিরে যেতে পারেনি। ঢাকা-কলকাতা রুটে মৈত্রী, খুলনা-কলকাতায় বন্ধন এবং ঢাকা-নিউ জলপাইগুড়ির মধ্যে মিতালী এক্সপ্রেস চলাচল করত। বর্তমান বৈঠকে দুই দেশ পারস্পরিক সমঝোতায় পৌঁছাতে পারলে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে আগামী মাস থেকেই এই তিন আন্তঃদেশীয় রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন