আসন্ন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করতে ঢাকা মহানগরীর প্রতিটি পরীক্ষা কেন্দ্রের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৩০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২ জুলাই থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
এই আদেশ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত বলবৎ থাকবে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। মূলত প্রশ্নপত্র ফাঁস রোধ এবং কেন্দ্রের পরিবেশ শান্ত রাখতে এই পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে সারাদেশের ১১টি শিক্ষা বোর্ড থেকে ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী অংশ নিতে যাচ্ছে। সুষ্ঠু ব্যবস্থাপনায় পরীক্ষা শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের এই নিয়ম মেনে চলার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন